ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত পূর্বের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বুধবার (৪ জানুয়ারি) রাতে নগরীর মহারাজা রোডের নিজ বাসা থেকে আব্দুল করিমকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ অক্টোবর নগরীর চরপাড়া এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেন। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কর্তব্যকাজে বাধা দেন তারা।
পরবর্তীতে ওই দিন বিকালে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলাতেই জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে গ্রেফতার দেখানো হয়েছে।