রংপুর সিটির ২৬ নম্বর ওয়ার্ডে ১৫ জানুয়ারি আবার ভোট

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সমান ভোট পাওয়া ২৬ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর আবার ভোটগ্রহণ করা হবে আগামী ১৫ জানুয়ারি। সমান ভোট পাওয়া কাউন্সিলর প্রার্থী মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে ১৫ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মন্ডল লাটিম, মো. শাহাজাদা আরমান ঠেলাগাড়ি ও মো. সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুন করে ভোটগ্রহণে এম এ রাজ্জাক মন্ডলকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সংক্ষুব্ধ এই প্রার্থীও নতুন করে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্তকে কেন্দ্র করে ২৬ নম্বর ওয়ার্ডে তিন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু দুজনেই ৩ হাজার ১৯৭ ভোট পান। সমান ভোট পাওয়ায় ওই দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে আবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।