ইনজুরিতে তিন ম্যাচ বাইরে ভুবনেশ্বর

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের বিপক্ষে রবিবার বড় জয়ই পেয়েছে ভারত। আরো একটা বিশ্বকাপ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় পেলেও দিনটা একটু খারাপ একটা অভিজ্ঞতা দিয়েই কেটেছে ভারতের। এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন দলের সামনের সারির ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। ম্যাচের পর দলের অধিনায়ক বিরাট কোহলি নিশ্চিত করেছেন, ভুবনেশ্বর কমপক্ষে তিন ম্যাচের জন্য ছিটকে গেছেন। হ্যামাস্ট্রিং চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন এই ফাস্ট বোলার।

পাকিস্তান ৩৩৬ রানের বিশাল সংগ্রহে ব্যাট করছিল। সেই সময় নিজের তৃতীয় ওভার বল করার পথে ফুটমার্কে পিছলে যান ভুবনেশ্বর। এরপর এই ম্যাচে আর বল করতে পারেননি তিনি।

ম্যানচেস্টারে এই ম্যাচের পর ভুবনেশ্বরের অবস্থা বর্ণনা করতে গিয়ে অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘ভুবির ব্যাপারটা ছোট একটা চোট বলেই মনে হচ্ছে। সে ফুটমার্কে পিছলে গিয়েছিল। এই মুহূর্তে ব্যাপারটা খুব গুরুতর মনে হচ্ছে না। মনে হচ্ছে, সে কয়েকটা ম্যাচের মধ্যেই সেরে উঠবে। সর্বোচ্চ তিন ম্যাচ বাইরে কাটাতে হতে পারে।’

কোহলি বলেছেন যে, ভুবনেশ্বর নিজেই দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী। এছাড়া এই ফাস্ট বোলারের বিকল্প হিসেবে তাদের হাতে মোহাম্মদ শামি আছেন বলে কোহলি খুব একটা দুশ্চিন্তার কিছু দেখছেন না, ‘সে (ভুবনেশ্বর) অবশ্যই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বোলার। আমরা তাই ওর দ্রুত সেরে ওঠার আশা করছি। সে নিজেও দলে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছে। তবে আমাদের সঙ্গে শামিও আছে। ফলে এটা আমাদের জন্য খুব বড় দুশ্চিন্তার কারণ হবে না। এমনকি ভুবি নিজেও মনে করে না ওর এই হালকা চোট খুব গুরুতর হবে না। এর মধ্যে ও সেরে উঠবে।’

মাঠ ছাড়ার পর ভুবনেশ্বরকে প্রথমেই দেখেন ফিজিও প্যাটট্রিক ফারহাত। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, ভুবনেশ্বরকে এদিন আর মাঠে নামানো হবে না। বিজয় শঙ্কর ও হার্দিক পান্ডিয়া তার কোটার বাকি ওভারগুলো পূরণ করে দেন।

ম্যাচে ২.৪ ওভারের বেশি বল করতে পারেননি ভুবনেশ্বর। তার শেষ ২টি বল করে দিয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। বিজয় তার প্রথম বলেই ইমাম-উল-হককে এলবিডব্লু করে ফেরান।

এই ম্যাচের আগে ভারতের জেতা দুটি ম্যাচেই বড় ভূমিকা রেখেছেন ভুবনেশ্বর। ৯৪ রান দিয়ে দুই ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। ভুবনেশ্বরের ছিটকে যাওয়াটা অবশ্যই ভারতের জন্য দুশ্চিন্তার। তবে এই দুশ্চিন্তা এই প্রথম নয়।

বিশ্বকাপে ইতোমধ্যে এক সেঞ্চুরি করা শিখর ধাওয়ান ইতোমধ্যে ইনজুরির জন্য খেলতে পারছেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার ম্যাচেই ধাওয়ান প্যাট কামিন্সের বলে হাতে আঘাত পান। এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তিনি।