স্পোর্টস ডেস্ক
ওপেনার জেসন রয়কে ইংল্যান্ড বিশ্বকাপের পরের দুই খেলায় পাচ্ছে না। তবে ওল্ড ট্র্যাফোর্ডে আজ মঙ্গলবারের খেলাটির আগে ফিট হয়ে উঠতে পারেন অধিনায়ক ইয়ন মর্গান।
রয় গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আট উইকেটের জয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। অপরদিকে মর্গান পড়েন পিঠের ব্যথার সমস্যায়। এ কারণে ২৮ বছরের রয় আফগানিস্তান ও আগামী শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা দুটিতে অংশ নিতে পারবেন না।
ইংল্যান্ড দল অবশ্য জানিয়েছেন রয়ের ব্যাপারটি তারা নিত্যকার বিষয় হিসেবে পর্যবেক্ষণে রাখবে। আর মর্গানের সমস্যা ‘মিটে গেছে’ এবং খেলাটির আগে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ডের হয়ে তিন ইনিংসে ৭১.৬৬ গড়ে ৩১৫ রান করেছেন রয়। এর মধ্যে আছে বাংলাদেশের বিরুদ্ধে করা ১৫৩ রানের ইনিংসটি। সে তুলনায় মর্গানের পারফর্মেন্স অতটা ভালো না। ইংল্যান্ড অধিনায়ক ৩৩.৬৬ গড়ে তিন ইনিংসে করেছেন ১০১ রান। তার সেরা নৈপুণ্য হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উদ্বোধনী খেলায় পাওয়া জয়ের দিন করা ৫৭ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রয় ও মর্গান কেউই ব্যাট করতে পারেননি বলে জো রুটকে তিন নম্বর থেকে উঠিয়ে ওপেনার করানো হয়। রুট এর প্রতিদান দেন সেঞ্চুরি হাঁকিয়ে। এছাড়াও সাত নম্বর থেকে তিনে তুলে আনা ক্রিস ওকস করেন ৪০ রান।
আফগানিস্তানের বিরুদ্ধে আজ জেমস ভিন্সকে দিয়ে ইনিংস ওপেন করা হতে পারে। সেক্ষেত্রে এটা হবে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ। মর্গান যদি কোনো কারণে আফগানদের বিরুদ্ধে খেলতে না পারেন, সেক্ষেত্রে গত দুই ম্যাচে জায়গা না পাওয়া মইন আলিকে আনা হতে পারে মিডল অর্ডারে। মইন আলির দলভুক্তি মানে দ্বিতীয় একজন স্পিনারকেও খেলানো।
এবারের বিশ্বকাপে আফগানিস্তান চার খেলায় অংশ নিয়ে সবকটিতে হেরেছে। তার চেয়ে বাজে ব্যাপার হলো তারা এর কোনোটিতেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বশেষ খেলায় আফগানরা ৬৯/২ থেকে গড়িয়ে পড়ে ৩৫তম ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়। এরকম পরিস্থিতির মধ্যেই গুলবাদিন নাইবের নেতৃত্বাধীন দলটি মুখোমুখি হতে যাচ্ছে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপ শুরুর সময় ভাবা হয়েছিল মেধাবী ক্রিকেটারদের সমন্বয়ে গড়া আফগান দলটি হয়তো বড় দলগুলোর বিরুদ্ধে অঘটন ঘটাবে। কিন্তু এখন পর্যন্ত তারা এ ব্যাপারে ক্রিকেটামোদীদের হতাশ করেছে। কারণ চার খেলার সবকটিতেই তারা সহজে হেরেছে।
রশিদ খানের নেতৃত্বে আফগান স্পিনাররা হয়তো পিচের সাহায্য নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো বল করতে পারবেন। কিন্তু ইংল্যান্ডের বিশ্বমানের পেস আক্রমণের বিরুদ্ধে আফগান ব্যাটসম্যানদের লড়াকু সংগ্রহ গড়ার মতো ক্ষমতা আছে বলে মনে করছেন না বোদ্ধারা।