‘যে কারণে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই সাধারণ মানুষের কথা বলবো’

জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘আমরা একদিকে আদর্শের কথা বলবো, চেতনার কথা বলবো। দেশের মানুষের কথা বলবো। স্বাধীনতা যে কারণে আমরা অর্জন করেছিলাম, সেই সাধারণ মানুষের কথা বলবো, অগ্রগতির কথা বলবো, উন্নয়নের কথা বলবো। মাথাপিছু আয়ের কথা বলবো।’ রোববার (৮ জানুয়ারি) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জাতীয় পার্টি-জেপির ‘ত্রিবার্ষিক কাউন্সিল-২০২৩’ এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘স্বাধীনতার যারা সক্রিয়ভাবে বিরোধিতা করেছেন, তাদের সন্তানরা আজ সব দলের অনেক বড় বড় পদে বসে আছেন। আমরা এখানে আজ বসে তাদের প্রতিরোধ করার কথা বলছি।’ 

বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ছবি: ইত্তেফাক

আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, ‘আমি সরকার দেখেছি, স্বাধীনতা দেখেছি ও পরাধীনতা দেখেছি। আমি অত্যাচার দেখেছি। নির্যাতন দেখেছি।’

আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণ উল্লেখ করে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান বলেন, ‘আমরা কেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে জোটবদ্ধ হলাম? কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা। এই কারণে যে স্বাধীনতা যে কারণে চেয়েছিলাম সেটা বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন।’ এ সময় উপস্থি ১৪ দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি। 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ছবি: ইত্তেফাক

জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশের ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জাতীয় পার্টি-জেপির এবারের কাউন্সিলের প্রতিপাদ্য বিষয়, ‘সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা সুসংহতকরণ, দারিদ্র্য বিমোচন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কায়েমের প্রত্যয়’।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের ১ জানুয়ারি দেশকে সামরিক শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জাতীয় পার্টি প্রতিষ্ঠা হয়েছিল।