মেহেরপুর জেনারেল হাসপাতাল
মেহেরপুর প্রতিনিধি
প্রচণ্ড গরমে মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী আসার চাপ বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ৩০০ রোগী ভর্তি হচ্ছে গরমজনিত রোগে আক্রান্ত হয়ে। খাতা-কলমে ২৫০ শয্যা হাসপাতাল হলেও এতে শয্যা রয়েছে ১০০টি। ফলে অতিরিক্ত ২০০ রোগী ওয়ার্ডের মেঝে ও বারান্দাতে চিকিত্সা নিচ্ছে।
গত পাঁচ দিন ধরে এ অবস্থা বিরাজ করছে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।
সোমবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এ চিত্র দেখা গেছে। মহিলা ওয়ার্ডে ৪০ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছে ১৬৩ জন। গত পাঁচ দিনে গড়ে শতাধিক রোগী এখানে ভর্তি হচ্ছে। তিন তলার শিশু ও মহিলা সার্জারি ওয়ার্ডে ৪০ বেডের বিপরীতে চিকিত্সাধীন ছিল ৮৩ জন। নিচতলার পুরুষ ওয়ার্ডে ৪০ বেডের বিপরীতে সোমবার চিকিত্সাধীন ছিল ৮৩ জন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) আবু এহসান আল আজীজ বলেন, তীব্র গরমে অস্বস্তি থেকে মানুষ অসুস্থ হচ্ছে। এটি কোনো ক্যাটাগরিক্যাল রোগ নয়। অতিরিক্ত গরমের কারণে মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাই রোগীর চাপ বেশি। দুই-একদিন হাসপাতালে থাকার পরই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে।