৩ দিনেও হদিস মেলেনি অপহৃত প্রধান শিক্ষকের

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশ পরিচয়ে নূরুল আমিন (৫৫)  নামে এক প্রধান শিক্ষককে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে পুলিশের দাবি অন্য কেউ আইন-শৃঙ্খলা বাহিনীর নামে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে ।  

অপহৃত নূরুল আমিন উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ খবর লেখা পর্যন্ত ৩ দিনেও সন্ধান মেলেনি অপহৃত শিক্ষকের।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে দু’টি মাইক্রোবাসে করে ১০ থেকে ১২ জনের একটি দল পুলিশ পরিচয় দেয়। এবং বাড়ির ভেতরে প্রবেশ করে নূরুল আমিনের খোঁজ করতে থাকে। পরে নূরুল আমিনকে তার শোবারঘর থেকে বের করে এনে মারধর শুরু করে। এ সময় বাড়ির লোকজন এগিয়ে এলে অস্ত্র দিয়ে তার চাচা আবু তালেব (৭০) ও ভাই স্কুল শিক্ষক রুহুল আমিনকেও আঘাত করে। 

অপহৃতের স্ত্রী রওশন আরা জানায়, পুলিশ পরিচয়ে ১০ থেকে ১২ জনের একটি দল নূরুল আমিনকে উঠিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। এর বাইরে কোনো কথা বলতে রাজি হননি। 
 
প্রধান শিক্ষককে অপহরণের খবর পেয়ে দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম খন্দকার।

আদিতামারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় পুলিশের কেউ জড়িত নয় দাবি করেন।