চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

রাজশাহীর পুঠিয়ায় চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রাসেল খানকে (২৫) আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

শনিবার (৭ জানুয়ারি) রাতে পুলিশ রাসেল খানকে আটক করে। সে পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী রাসেল পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়িয়ার গ্রামের লিটন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, হাওর, বাওর ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুবিধার জন্য টেলিফোন লাইন বসাতে বিটিসিএল এর ঠিকাদার খন্দকার গ্রুপ কাজ করছে পুঠিয়ার গ-গোহালী গ্রামে। শনিবার ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার গ্রুপের ম্যানেজার সোহেল রানার কাছে মোস্তাক, টেনু ও রাসেলের নেতৃত্বে ৮/১০ জন এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় সোহেল রানা তাদের চাঁদার দাবি মেটাতে অস্বীকার করেন। এ ঘটনায় সোহেল রানাকে লাঠি দিয়ে মারধর শুরু করে চাঁদাবাজরা। তাকে বাঁচাতে কর্মরত শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। এ সময় শাহীন, জান বক্সসহ কয়েকজন শ্রমিক বেশ আহত হন। এ ঘটনায় সোহেল রানা শনিবার রাতে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, চাঁদাবাজির মামলায় রাসেল খানকে আটক করে রোববার আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। মামলার অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে। আসামিরা সকলেই ভাড়ায় খাটে আর চাঁদাবাজি করে বলে জানান ওসি।