মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো আছে অগ্নিনির্বাপণ যন্ত্র। তাত্ক্ষণিক অগ্নিকাণ্ড প্রতিরোধে এ যন্ত্রগুলো আগুন নির্বাপণে কাজ করে। অথচ অনেক দিন আগেই মেয়াদ পেরিয়ে গেছে যন্ত্রগুলোর। ফলে যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা তাত্ক্ষণিক নিয়ন্ত্রণে আনার সক্ষমতা হারিয়েছে যন্ত্রগুলো।
২৫০ শয্যা হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের প্রতি তলার দেওয়ালে ঝুলছে অগ্নিনির্বাপণ যন্ত্র। তবে যন্ত্রগুলোর কোনোটিরই মেয়াদ নেই।
হাসপাতালে চিকিত্সাধীন রোগী শফিকুল আলী বলেন, এখানে মানুষজন আসেন ডাক্তার দেখাতে। কেউ তো আর অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদ আছে কি না সেদিকে খেয়াল করছে না।
২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. পার্থ সারথী দত্ত কানুনগো বলেন, ‘ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নতুন কয়েকটি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে গেছে এবং আমাদের ট্রেনিং দিয়েছে। পুরাতনগুলোর যে মেয়াদ শেষ হয়ে গেছে সে বিষয়ে আমি জানি না।’