স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে রৌমারীর সব শিক্ষক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বউভাত উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উপজেলার সব শিক্ষক-কর্মচারীরা।

রোববার (৮ জানুয়ারি) রৌমারীর বাসভবনে প্রতিমন্ত্রীর একমাত্র ছেলে সাফায়াত বিন জাকিরের  বউভাত অনুষ্ঠিত হয়। নাম প্রকাশ না করার শর্তে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাওয়াত দেওয়া হয়েছে। শিক্ষকরা দাওয়াতে অংশ নিতে যাবেন। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আজ পাঠদান বন্ধ।

rowmari-2

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষক বলেন, আমাদের বলা হয়েছে একটি ক্লাস নিয়ে দাওয়াতে যেতে। তবে কোনো ক্লাস নেওয়া হয়নি। বিয়ের উপহার কেনার জন্য সবার কাছ থেকে ৫০০ টাকা করে চাওয়া হয়েছিলো। পরে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। 

rowmari-3

রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। নিয়ম অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

চিলমারী উপজেলায় ৯৩টি, রৌমারীতে ১১৫টি এবং রাজীবপুর উপজেলায় ৫৭টি সরকারি প্রাথমিক আছে বলে জানা যায়।