চট্টগ্রাম অফিস
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন নতুন পর্যায়ে উপনীত হয়েছে। আর এটা সম্ভব হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর আন্তরিকতায়। ফলে এই সম্পর্ককে এখন সোনালী অধ্যায় আখ্যায়িত করা যায়।
সোমবার চিটাগাং চেম্বার (সিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মহানগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সভার আয়োজন করা হয়।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমশ বেড়ে চলেছে। এদেশে ভারতের অনেক শিল্পকারখানাও আছে। এগুলো বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। মংলা ও মিরসরাই ইকোনমিক জোনে ভারতের জোন থাকবে বলেও তিনি জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চিটাগাং চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমদ। উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, চট্টগ্রাম কাস্টমস কমিশনার এম ফখরুল আলম, প্রকৌশলী আলী আশরাফ, চেম্বারের পরিচালক এ কে এম আকতার হোসেন, সৈয়দ ছগীর আহমদ প্রমুখ।