লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে তিন লাখ শিশু

 লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে আগামী ২২ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডের জন্য এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। সোমবার সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. নিজামউদ্দিন (ভারপ্রাপ্ত)। এসময় তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়, শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, অন্ধত্ব প্রতিরোধ করে, সকল ধরনের মৃত্যুহার শতকরা ২৪ ভাগ হ্রাস করে, হামজনিত মৃত্যুহার ৫০ ভাগ হ্রাস করে ও ডায়রিয়াজনিত মৃত্যুহার ৩৩ ভাগ হ্রাস করাসহ শিশুর রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।