নড়াইল প্রতিনিধি
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিষয়ের এক শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালনকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগে চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র পৌরসভার ভওয়াখালী এলাকার জুলমত খানের ছেলে জাকারিয়া খান বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—নড়াইল শহরের রেজাউল আলম, কামরুল আলম, মঈনউল্লাহ দুলু ও দুখু। এছাড়া অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় নড়াইলের জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে অভিযুক্ত ঠিকাদার রেজাউল আলম জানান, ঘটনার সময় তিনি তার গাড়িতে রাখার জন্য পিস্তলটি বের করেছিলেন। তারপরও তিনি এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেন।
নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, অস্ত্র আইনে চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।