গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক এক

 গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণের সময় বখাটে ধর্ষক শিমুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সোমবার গোপালগঞ্জ সদর থানায় মানিকদাহ আদর্শ গ্রামের বাসিন্দা শাহাজাহান মোল্লার ছেলে শিমুল মোল্লাকে আসামি করে একটি ধর্ষণ মামলা হয়েছে।

ধর্ষণের শিকার ঐ গৃহবধূ জানান, রাতে নিজের ঘরের দরজা খোলা রেখে খাটে শুয়েছিলেন। তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে প্রতিবেশী বখাটে শিমুল হঠাত্ করে তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ শুরু করে। তার তন্দ্রাভাব কেটে গেলে শিমুল ঠিক পেয়ে পালানোর চেষ্টা করে। তিনি খাট থেকে উঠে ঘরের মধ্যেই শিমুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। ডাক্তারি পরীক্ষা করানোর জন্য ঐ গৃহবধূকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বলেন, ঐ গৃহবধূকে পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে। গাইনি ওয়ার্ডের চিকিত্সকরা তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবে।