সুন্দরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

সুন্দরগঞ্জে সোমবার দুপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম আলকাছ আলী (২২)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে গাইবান্ধা থেকে আসা রংপুরগামী একটি ট্রাক উপজেলার সুবর্ণদহে পৌঁছামাত্র বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আলকাছ আলী মারা যায়। দুর্ঘটনায় তার সঙ্গী আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। থানার ওসি এস এম আব্দুস সোবহান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ

নির্বাচন আজ

পঞ্চম ধাপে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী, পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান ও ছয়জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী জানান, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ প্লাটুন বিজিবি-র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে আনসার ও পর্যাপ্ত পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে।