থাইল্যান্ডে মিয়ানমার জান্তাপ্রধানের ছেলেমেয়ের সম্পদের সন্ধান

মাদক ও মুদ্রাপাচারে অভিযুক্ত মিয়ানমারের এক ধনী ব্যবসায়ীর ব্যাংককের এক অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর সময় থাইল্যান্ডের কর্মকর্তারা সেখানে মিয়ানমারের জান্তাপ্রধানের দুই প্রাপ্তবয়স্ক সন্তানের সম্পদ সংক্রান্ত তথ্য পেয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে থাই এক কর্মকর্তা ও ঘটনা সম্বন্ধে অবগত দুই ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, গত বছরের সেপ্টেম্বরের শেষদিকে ব্যবসায়ী তু মিন লাতকে গ্রেফতারের সময় তার ব্যাংককের বাড়ি থেকে মিন অং হ্লাইংয়ের মেয়ে ও ছেলের নামে থাকা সম্পত্তির দলিল ও ব্যাংকের নথি পাওয়া যায়। ৫৩ বছর বয়সি লাতের সঙ্গে আরো তিন থাই নাগরিককে মাদক পাচারের ষড়যন্ত্র ও মুদ্রা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। হোটেল, জ্বালানি ও খনি ব্যবসায়ী লাত ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা জান্তাপ্রধান হ্লাইংয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে কয়েকটি সূত্র দাবি করেছে।  লাত মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য দরকারি সরঞ্জামও কেনেন।

মিয়ানমারের এই ধনী ব্যবসায়ী এখন থাইল্যান্ডে বিচার-পূর্ব আটকাদেশ ভোগ করছেন,  এ ব্যাপারে তার আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। মাদকবিরোধী ঐ অভিযানে সম্পদের নথি মিললেও হ্লাইংয়ের দুই সন্তানের বিরুদ্ধে থাই কর্তৃপক্ষ কোনো আইনি পদক্ষেপ নেয়নি। থাই কর্তৃপক্ষ লাতের বিরুদ্ধে তদন্তে তাদের সংশ্লিষ্টতাকে প্রাসঙ্গিক বলে বিবেচনাও করেনি। জান্তাপ্রধানের ছেলে অং পায়ে সোনে ও মেয়ে খিন থিরি থেট মন তাদের বাবার মতোই যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞায় আছেন। থাইল্যান্ডের এ ঘটনায় তাদের মন্তব্য চাওয়া হলে কোনো সাড়া মেলেনি।

যুক্তরাষ্ট্র বলেছে, হ্লাইংয়ের দুই সন্তান বাবার অবস্থান ও নোংরা হস্তক্ষেপের সরাসরি সুবিধা কাজে লাগিয়ে ব্যবসায় লাভবান হচ্ছেন। হ্লাইংয়ের কাছে এ প্রসঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মিয়ানমারের সামরিক জান্তার কাছে মন্তব্য চেয়ে একাধিক বার্তা পাঠানো হলেও তার জবাব মেলেনি। ব্যাংককের বেলে গ্র্যান্ড রামা ৯ এর ঐ ফ্ল্যাটে সেপ্টেম্বরের শেষদিকের অভিযানে বিলাসবহুল গাড়ি, ঘড়ি ও দামি ব্যাগ এবং নগদ ২ লাখ ৩৯ হাজার ৯১ ডলারসহ মোট ৮৯ লাখ ৬০ হাজার ডলারের সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।