সূত্রাপুর বাজারের করুণ অবস্থা

তিন বছর ধরে পুরনো ঢাকার সূত্রাপুর বাজার ভবনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক পরিত্যক্ত ঘোষিত হয় এবং ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এদিকে নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে অস্থায়ী ভিত্তিতে ত্রিপল বা পলিথিন মাথার ওপরে দিয়ে বাজারের দোকানদাররা বেচা-বিক্রি করছেন। এতে বাজার করতে আসা লোকজনের সে কী কষ্ট  তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর মধ্যে ঠিকাদাররা বাজারের ভেতরে অস্থায়ীভাবে ফ্যামিলি কোয়ার্টার  বা ঘর ভাড়া দেওয়া শুরু করছেন। শীঘ্রই বাজার নির্মাণকাজ শুরু করা হবে না বলে জানা যায়। তবে অস্থায়ী ভিত্তিতে দোকান বসার সুযোগ করে দিয়ে অগ্রীম টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বিকার। সূত্রাপুর বাজারটি ভেঙে ফেলার কারণে বাজারের প্রায় এক হাজার দোকানদার কমবেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই দ্রুত সূত্রাপুর বাজারের পুনর্নির্মাণ কাজ শুরু করে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪