উপহার হিসেবে বই বেছে নিন

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ও ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের হাতে কাচ বা সিরামিকের জিনিসপত্র না দিয়ে বই দেওয়া শুরু হয়েছে। এ প্রচেষ্টা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাইরে পারিবারিক এবং অফিস-আদালতের অনুষ্ঠানগুলোতে নেওয়া যেতে পারে। শিশু কিশোর তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে বই পড়ার মূল্যবোধ গড়ে উঠলে পরিবার, সমাজ ও জাতীয় জীবন থেকে অন্ধতা, কুসংস্কার ও অসচেতনতা দূর হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বই মানুষকে সভ্য করে সামাজিকীকরণেও ব্যাপক ভূমিকা রাখে। রবীন্দ্রনাথ বলেছেন,‘ বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।’ মানুষের সংক্ষিপ্ত জীবনে তাকে নানান কাজ করতে হয়। আর জ্ঞানের আলোই মানুষের পথের সারথি হয়ে এগিয়ে নিয়ে যায় গন্তব্যে। চীনা প্রবাদে বলা হয়েছে, ‘একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগান পকেটে নিয়ে ঘোরা।’ বই পড়া সামাজিক আন্দোলনে আপনিও শামিল হোন।

আবদুর রাজ্জাক

প্রভাষক, সমাজকর্ম, পাজাখালী কলেজ, পটুয়াখালী