বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রাস্তা ও পুকুর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়।
এদিকে, গ্রামবাসীদের সতর্ক করতে সকাল থেকে মাইকিং করছে বনবিভাগ।
সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আ. রহিম বলেন, গ্রামে বাঘ ঢুকেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে।
বন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সহসভাপতি মো. শহীদুল ইসলাম সাচ্চু জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগার ভোলা নদী পার হয়ে সোনাতলা গ্রামের আবু ভদ্রের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে গ্রামে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে গ্রামের আ. মালেক, আসলাম ভদ্র, হারুন হাওলাদারের বাড়ির পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়।
বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে দুটি বাঘ গ্রামে ঢুকেছে বলে জানিয়েছেন সিপিজি সহসভাপতি।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ইত্তেফাককে বলেন, বাঘ সুন্দরবনে ফিরিয়ে নিতে লোকালয়ে বাঘের সন্ধান করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনসাধারণের সচেতন করতে বনবিভাগ ইতোমধ্যে মাইকিং শুরু করেছে।