তামাকজাত পণ্যের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির দাবি

ইত্তেফাক রিপোর্ট

২০১৯-২০ বাজেটে সকল প্রকার তামাকজাত পণ্যের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি ও সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষার দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। মানববন্ধনের আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্-এর আব্দুস সালাম মিঞা এবং দ্য ইউনিয়নের টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ মাহবুবুল আলম তাহিন।

বক্তারা বলেন, উচ্চমূল্য তরুণদের তামাক ব্যবহার শুরু করতে নিরুত্সাহিত করে এবং ব্যবহারকারীদের তামাক ছাড়তে উত্সাহিত করে। তারা দাবি জানিয়ে বলেন— শিশু, কিশোর, যুবক সর্বোপরি সকল স্তরের জনগণের স্বাস্থ্যরক্ষা ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০১৯-২০ চূড়ান্ত বাজেটে সকল তামাকজাত পণ্যের বিশেষ করে বিড়ি, নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের ওপর উচ্চহারে কর আরোপ করতে হবে। এর মাধ্যমে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি করে তা ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে। পাশাপাশি সিগারেটের ক্ষেত্রে বিদ্যমান ৪টি মূল্যস্তর বিলুপ্ত করে ২টি মূল্যস্তর (নিম্ন ও উচ্চ) নির্ধারণ করতে হবে। তারা বলেন, প্রস্তাবিত বাজেটে তামাক কোম্পানিকে ইনপুট ক্রেডিট সুবিধা দেওয়ায় কোম্পানিগুলো বছরে প্রায় ৩০০০ কোটি টাকা কর রেয়াত করার সুযোগ পাবে। এই সুবিধা রহিত করার লক্ষ্যে অবিলম্বে তামাক করনীতি প্রণয়নের দাবি জানান তারা।