দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
জয়পুরহাট :জয়পুরহাট-পাঁচবিবি সড়কের গতনশহর মোড়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম (৩০) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়ার আব্দুল করিমের ছেলে। এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের আরোহী সুহেল রানাকে (২৮) জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে সাইফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) :শরীয়তপুরের ভেদরগঞ্জে ইটবোঝাই ট্রলি উলটে জসিম ব্যাপারী (২৫) নামে ট্রলিটির হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সখীপুর থানার চারভাগা ইউনিয়নের বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজের পাশে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার চারভাগা ইউনিয়নের মালতকান্দি গ্রামের জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চরফ্যাশন (ভোলা) :চরফ্যাশনের কাইমুদ্দিন মোড় নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে অটোরিকশার ধাক্কায় বোরাক যাত্রী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মেহেদী হাসান (৫)। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা-মাসহ একই পরিবারের চার জন। চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক জাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ফুলবাড়ী (দিনাজপুর) :দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উচিতপুর নামক স্থানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল (২০) নামের এক ট্রাকের সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় তিন জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশীদ।
মাধবপুর (হবিগঞ্জ) :ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের মানিকপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে আব্দুল মালেক (৩৫) নামক এক জনের মৃত্যু হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবালয় (মানিকগঞ্জ) :ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া বসুন্ধরা রিসোর্ট কেন্দ্রের সামনে বুধবার সন্ধ্যায় জিপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন। মৃতরা হলেন মোটরসাইকেল আরোহী পাচুরিয়া গ্রামের বাদশা মিয়া ও তার বন্ধু মোকছেদ আলী। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দাগনভূঞা (ফেনী): দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মেহেরাব হোসেন অপি (২০) নিহত হয়েছেন। বুধবার দুপুরে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া রোডের মুখে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক পিলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।