আজ শেষ হচ্ছে মেলা
ইত্তেফাক রিপোর্ট
আজ শেষ হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। রাজধানীর খামারবাড়ি গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়াম চত্বরে গত রবিবার থেকে এই ফলমেলা শুরু হয়েছে। এবারের পতিপাদ্য বিষয় হলো ‘পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টি খাবার’।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু ধান বা সবজিই নয়, বাংলাদেশ যে ফলেরও বড় ভাণ্ডার রয়েছে তা তুলে ধরতেই এই আয়োজন। দেশে নিরাপদ ফলের উত্পাদন নিশ্চিত করতে পারলে একদিকে যেমন মানুষের পুষ্টি চাহিদা নিশ্চিত হবে তেমনি অর্থনৈতিকভাবেও সমৃদ্ধি আসবে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মোট ফলের চাহিদা বছরে ৬৭ লাখ টন। যার ৪৫ লাখ আসে দেশীয় উত্পাদন থেকে। বর্তমানে দেশে ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে ৭০ ধরনের ফলের চাষ হয়। এবারের ফল প্রদর্শনীতে ৭৫ জাতের আম প্রদর্শন করা হচ্ছে। সেইসাথে আরও প্রায় ৭০টি বিভিন্ন রকমের ফল প্রদর্শন করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের মেলায় ৮৩টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য খোলা থাকবে। ফলের এমন ভিন্নধর্মী আয়োজন দেখতে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ।