ইত্তেফাক রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী মধ্যরাতের নির্বাচন সরকারকে উপহার দিয়ে এখন তাদের নতুন এজেন্ডা হলো বিরোধীদলকে নিশ্চিহ্ন করা। মধ্যরাতের নির্বাচনের পরেও সরকারের ভেতর থেকে শঙ্কা দূরীভূত হচ্ছে না। সুষ্ঠু ও সর্বজনমান্য নির্বাচনকে পাথরচাপা দেওয়ার পরেও তারা নিজেদেরকে নিরাপদ মনে করছে না। তাই ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্বৃত্তপনার কোনো শেষ নেই। আওয়ামী লীগ মিথ্যা ও অসত্য বিবৃতির ওপর বেশি চর্চা করছে। মিথ্যা প্রচারে এরা অক্লান্ত ও বিরামহীন। তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন ও হত্যার পরেও সরকার সন্তুষ্ট না হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে কলঙ্কলেপন করে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করছে। সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। তিনি বলেন, বিশ্বব্যাপী পরিত্যক্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিকে নিয়ে মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার এটি নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছে। তার প্রমাণ বগুড়ায় আসন্ন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।