পাঁচ ঘণ্টা পর ৩ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়।