প্রণোদনা চায় গার্মেন্টস এক্সেসরিজ খাত

ইত্তেফাক রিপোর্ট

সরকার গার্মেন্টস খাতসহ রপ্তানি খাতের জন্য নতুন করে ১ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ প্রণোদনায় অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস এক্সেসরিজ খাতের সংগঠন বিজিএপিএমইএ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ঘোষিত বাজেটে পোশাক খাতের উত্পাদিত পণ্যের ওপর রপ্তানি প্রণোদনা শতকরা ১ ভাগ বৃদ্ধি পেলেও গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাত তা থেকে বঞ্চিত। কোনো রপ্তানি প্রণোদনা নেই বা দেওয়ার আশ্বাসও নেই প্রস্তাবিত বাজেটে। সংগঠনের সভাপতি আব্দুল কাদের খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতকে গার্মেন্টস শিল্পের মতো আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রত্যক্ষ রপ্তানিকারকদের সঙ্গে যে সুবিধা প্রচ্ছন্ন রপ্তানিকারকরা সমভাবে পেয়ে আাাসছিল, সেটি উেস কর। উেস কর শূন্য দশমিক ২৫ (০.২৫%) শতাংশ থেকে বেড়ে ১ শতাংশ করায় এ খাত চাপে পড়বে। সকল শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের উেস কর বর্তমানের ন্যায় ০.২৫ শতাংশ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে করপোরেট করহার বিদ্যমান ৩৫ শতাংশ থেকে কমিয়ে গার্মেন্ট খাতের মতো ১০ শতাংশ ও ১২ শতাংশ করার দাবিও তাদের।