শনিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে বিতর্কিতভাবে আউট হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলি।
কুমিল্লার ইনিংসের ১৪তম ওভারে ইফতিখার আহমেদের করা বলে আম্পায়ার আউট দিলে রিভিউ নেন জাকের আলি। এডিআরএসে রিপ্লেতে দেখা যায় বল হালকা স্পর্শ করেছে স্টাম্প লাইনে। যা ইনলাইন হিসেবে গণ্য হবে না। আইসিসির নিয়মনুযায়ী এটি আউট হয় না। কিন্তু ব্যাটার জাকেরকে আউট দেন থার্ড আম্পায়ার।
আর এই আউট নিয়ে চলতে থাকে সমালোচনা। এমন আউট নিয়ে ক্ষোভ ঝাড়েন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এক বিবৃতিতে এই আউটের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ব্যাখ্যায় দেখা যায় আইসিসির নিয়ম বদলে গেছে বিপিএলে। বিসিবি জানায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি আউট। প্লেয়িং কন্ডিশনের ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ইন লাইন বলে ধরে নেওয়া হবে। তবে টুর্নামেন্টের আগে এই প্লেয়িং কন্ডিশনের কথা জানতো না ক্রিকেটাররা। জানতো কেবল আম্পায়াররা।