আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিলে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। গতকাল সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক যৌথ সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার আদালতের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। তাকে (খালেদা জিয়া) শাস্তি দিয়েছে আদালত। জামিন দেওয়ার দায়িত্বও আদালতের। আমরা সবসময় আদালতকে সম্মান প্রদর্শন করি। আদালত জামিন দিতে চাইলে সরকারের আপত্তি নেই।
ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর। নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলেন, আদালতের রায়ে তাদের জন্মই অবৈধ। ওবায়দুল কাদের বলেন, জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না। ক্ষমতার দাপট দেখাবেন না। সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি কোনো কাজে আসবে না। আওয়ামী লীগ সুবিধাবাদীদের পার্টি নয় দুঃসময়ে সুবিধাবাদী, বসন্তের কোকিলদের হাজারও বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না। দলের স্বার্থে কাজ করুন। ত্যাগী, অসুস্থ অসচ্ছল কর্মীদের পাশে দাঁড়ান।
সেতুমন্ত্রী বলেন, তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখতে হবে। নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্য সংগ্রহ অভিযানের কোনো বিকল্প নেই। সদস্য সংগ্রহ অভিযান ধারালো হাতিয়ারের মত কাজ করবে। যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, এই ঢাকা মহানগরীর দক্ষিণ থেকে অনেক সাহসী, ত্যাগী ও দুঃসময়ের নেতা হারিয়ে গেছেন। কিন্তু আমরা কি তাদেরকে প্রতিস্থাপন করতে পেরেছি? হারিয়ে যাওয়া সেই নেতাদের শূন্যস্থান পূরণ করে নতুন নেতাদের এখনো বসাতে পারিনি।
ঢাকার মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসানের সভাপতিত্বে যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম প্রমুখ।