সাইকেলে করে রাজশাহী থেকে ভারতের কাশ্মির যাত্রার উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল সোমবার বেলা ১১টায় নগর ভবনের সামনে বেলুন উড়িয়ে এ যাত্রার উদ্বোধন করেন তিনি। ‘মিশন কাশ্মীর সাইকেল এক্সপেডিশন’ শীর্ষক এ যাত্রার স্লোগান, ‘মাদককে না বলুন, সাইকেল চালান, সুস্থ থাকুন।’
সাইকেলিস্ট রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলম সাইকেলে কাশ্মির যাত্রা করছেন। গাজীপুর সিটির খোরশেদ আলমের ছেলে রবিউল। তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র। জাহাঙ্গীর আলমের বাড়ি সিলেটে। তারা জানান, এ যাত্রায় তাদের দুই মাসে সাড়ে তিন হাজার কিলোমিটারের অধিক পথ অতিক্রম করতে হবে। আরএফএল গ্রুপের দুরন্ত বাইসাইকেল স্পন্সর করেছে।
রাসিক মেয়রের সঙ্গে জাইকার বৈঠক
এদিকে ফুড হাইজিন অ্যান্ড ফুড সেফটি বিষয়ে রাসিক মেয়রের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। গতকাল নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে এ বৈঠক হয়।
জাইকার প্রতিনিধি দলে ছিলেন জাইকা উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মুজমদার, কনসালটেন্ট আতসুশি কোয়েমা প্রমুখ। বৈঠকে রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির ও ভ্যাটেনারি সার্জন ডা. ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।