আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুরে এক মা তার দুই বছরের মেয়েকে বটি দিয়ে গলাকেটে খুন করেছেন। গতকাল সোমবার সকালে নিজের ঘরের বারান্দায় শিশুটিকে জবাই করেন তার মা শামিমা আকতার। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে। শামিমাকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুটি মুন্সিগঞ্জের সোনাতনপুরের মামুন মিয়ার মেয়ে। তার আরো দুটি কন্যা সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানায়, প্রায় ১৫ বছর আগে মামুনের সঙ্গে শামিমার বিয়ে হয়। তাদের বড় মেয়ের বয়স পনের বছর। তারা আরো জানায়, সকালে হঠাত্ বাড়িটিতে কান্নাকাটির সংবাদ শুনে লোকজন ছুটে যায়। তারা দেখতে পান শিশুটির গলাকাটা মরদেহ বারান্দায় পড়ে আছে। সেখান থেকে রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়ছে উঠানে। মরদেহের পাশেই নির্বাক দাঁড়িয়ে আছেন তার মা। শামিমার মাথায় মাঝে-মধ্যে ‘সমস্যা’ দেখা দেয় বলে তারা উল্লেখ করেন।
মামুন মিয়া জানান, সকালে তিনি সিনহাকে কোল থেকে নামিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যান। কিছুক্ষণ পর তিনি মেয়েকে হত্যার খবর পান। তার স্ত্রী কেন এই কাজ করেছেন তা তার মাথায় আসছে না বলে জানান তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে আর তার মাকে আটক করা হয়েছে। মামুন তার স্ত্রীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।