চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকো ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের শিরোপাখরা কাটিয়েছে কাতালান ক্লাবটি। বার্সাতে কোচ হয়ে আসার প্রায় দেড় মৌসুমের মাথায় এসে নিজের প্রথম শিরোপার দেখা পেয়েছে ক্লাবের কিংবদন্তি জাভি হার্নান্দেজ।
সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে গাভি, লেওয়ান্ডোভস্কি আর পেদ্রির গোলে ৩-১ গোলে জিতে সুপার কাপের ১৪তম শিরোপা জিতে নেয় বার্সেলোনা।
লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এটিই বার্সেলোনার প্রথম শিরোপা। সুপার কাপের শিরোপা তাই অনন্য হয়েই ধরা দিয়েছে বার্সা কোচ জাভির কাছে।
ফাইনাল শেষে শিরোপা জয়ের উল্লাসের মধ্যেই জাভি বলেন, ‘সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা সইতে হয়েছে। ছেলেরা নিজেরাই আজ (ফাইনালে) সেখান থেকে মুক্তির পথ খুঁজে নিয়েছে। আপাতত আমরা আর থামতে চাই না। এটাই মৌসুমের প্রথম শিরোপা, তবে অবশ্যই শেষ নয়।’
বার্সার মিডফিল্ডার হিসেবে কিংবদন্তি হয়ে ওঠা জাভি কোচ হিসেবেও অনেক বেশি সাফল্য পেতে উদগ্রীব হয়ে আছেন। তিনি বলেন, ‘প্রক্রিয়া ঠিক রাখতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই শিরোপা ক্লাবের (বার্সা) বোর্ড, স্টাফ, খেলোয়াড় থেকে সমর্থকসহ সবাইকে প্রশান্তি দিয়েছে। তবে আমাদের এখানেই থেমে গেলে চলবে না। আমাদের ধৈর্য ধরতে হবে। ভুলে গেলে চলবে না দলটা এখনো গঠনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।’