যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হলো দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩৬তম মৃত্যুবার্ষিকী। সর্বজন শ্রদ্ধেয়া মাজেদা বেগমকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করলেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। শুধু ইত্তেফাকের মানুষের কাছেই নন, সবার কাছেই তিনি ছিলেন জনদরদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মরহুমার কনিষ্ঠ পুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পক্ষ থেকে এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে, মরহুমার আজিমপুর মাজার প্রাঙ্গণেও সকাল থেকে কোরআনখানি করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমার কনিষ্ঠ পুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, মরহুমার নাতি ইত্তেফাক এর কার্যনির্বাহী পরিচালক মহিবুল আহসান শাওন ও পরিচালক রেজাউল করিম ফাগুন।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক স্টিয়ারিং কমিটির সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের প্রধান আবুল খায়ের, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান পিন্টু, কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আকতার, সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফসহ মরহুমার পরিবার ও ইত্তেফাক এর কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন ইত্তেফাক এর পেশ ইমাম মাওলানা হাবিুবর রহমান।
এদিকে, মাজেদা বেগমের বড় মেয়ে মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমন্ডির বাসভবনে বাদ মাগরিব কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।