নতুন ছবির শুটিং না করেই ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গেল বছরের ১৭ আগস্ট দেশে ফিরেছিলেন তিনি।  দেশে ফিরেই গণমাধ্যমে বলেছিলেন, এবার চমক নিয়ে আসছেন তিনি। এরপর সিনেমা নয়, তার ব্যক্তিগত জীবনের চমক জাগানো খবর প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, অসমাপ্ত ‘আগুন’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ শেষ করলেও নতুন কোন সিনেমার শুট শুরু করেননি শাকিব খান। তবে ঘোষণা দিয়েছেন একাধিক সিনেমার। সেই ঘোষণা ঘোষণাতেই রয়ে গেছে।

এদিকে নতুন খবর হচ্ছে, প্রায় পাঁচ মাস বাংলাদেশে অবস্থানের পর ফের যুক্তরাষ্ট্রে ফিরছেন শাকিব খান। ১৭ জানুয়ারি দুবাই থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরছেন এই নায়ক। বর্তমানে একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে দুবাইয়ে অবস্থান করছেন তিনি।

শাকিব খানের একাধিক ঘনিষ্টসূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে এবার যুক্তরাষ্ট্রে শাকিবের সফর কতদিনের তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি।

২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসনের প্রাথমিক অনুমতি পেয়েছেন বাংলাদেশের এই নায়ক।