বাবা মুক্তিযোদ্ধা। অথচ মুক্তিযোদ্ধার তালিকায় তাঁর নাম নেই। সংশ্লিষ্টদের কাছে দীর্ঘদিন ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। এরই প্রতিবাদে রংপুরের জি এল রায় রোড তাজহাট গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রফিকুল ইসলাম গত ১৩ জুন রংপুর জিরো পয়েন্ট থেকে হেঁটে টুঙ্গিপাড়া হয়ে গণভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।
গতকাল সোমবার সকালে রফিকুল ইসলাম রংপুর-ঢাকা মহাসড়ক হয়ে পীরগঞ্জ অতিক্রম করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রওয়ানা দেন। এক হাতে জাতীয় পতাকা অপর হাতে সফরসূচি মোড়ানো ব্যানার। লাল সবুজ শার্ট পরিহিত রফিকুল ইলাম তার কর্মসূচি সম্পর্কে বলেন, প্রায় ২৬টি উপজেলায় বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, চারা রোপণ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে হেঁটে ৪ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত্ করার ইচ্ছা প্রকাশ করেন।