নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর আব্দুল্লাহ (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বধলা-দেওটুকোন সড়কের পাশে একটি ঝোপঝাড়ের মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়। পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু আব্দুল্লাহ উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের জামাল মিয়ার ছেলে। সে স্থানীয় মডার্ন আইডিয়াল স্কুলের নার্সারির ছাত্র ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহকে সোমবার বিকাল ৪টা থেকে পাওয়া যাচ্ছিলো না। পরে অনেক খোঁজাখুঁজির পর আজ সকাল ৭টার দিকে তাদের বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দুরে রাস্তার পাশে ওই শিশুর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই লাশ উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।