সোনারগাঁওয়ে সরকারি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাট!

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্প এলাকার মেঘনা নদীর তীরবর্তী সরকারি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পার্শ্ববর্তী গজারিয়া উপজেলার চরবেতাগি এলাকায় সরকারের কাছ থেকে লিজ নেওয়া জমিতে পাওয়ার স্টেশন নির্মাণের নামে কয়েকদিন ধরে সোনারগাঁওয়ের ওই সরকারি জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বালু ভরাটের পর ওই জমিতেই পাওয়ার স্টেশন স্থাপন করার পরিকল্পনা হচ্ছে।

জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবেতাগি এলাকায় একটি পাওয়ার স্টেশন নির্মাণের জন্য সরকারের কাজ থেকে জমি লিজ পায় আনলিমা পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গজারিয়ার চরবেতাগি এলাকায় ওই লিজকৃত জমি বালু দিয়ে ভরাট না করে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চররমজান সোনাউল্লাহ মৌজার ইসলামপুর দুধঘাটা অংশে মেঘনা গ্রুপ ও সিনহা গ্রুপের কাছ থেকে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) অধিগ্রহণকৃত ১৩ একর সরকারি জমি দখল করে বালু ভরাট শুরু করে। এ প্রতিষ্ঠানের পক্ষে শাহাজালাল ট্রেডিং কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বালু ভরাটের কাজ পাওয়ার পর থেকেই গজারিয়ায় বালু না ফেলে সোনারগাঁওয়ের সরকারি জমি দখল করে বালু ভরাটের কাজ শুরু করে।

সরেজমিনে গতকাল সোমবার দুুপুরে চর রমজান সোনাউল্লাহ এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে ৫টি শক্তিশালী ড্রেজারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নদীর পানিতেই বালু ফেলছে। এতে করে নদী ভরাট হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের লিজকৃত সম্পত্তি গজারিয়ার চরবেতাগিতে বালু না ফেলে উলটোদিকে সোনারগাঁওয়ের অংশে বালু ফেলছে। এলাকাটি ১০-১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ স্পিডবোটে করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র সহকারে পাহারা দিচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েকদিন ধরেই সন্ত্রাসীদের প্রহরায় নদীতে বালু ভরাটের কাজ চলছে। প্রতিবাদ করলেই মারধরসহ চাঁদাবাজি মামলায় ফাঁঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। তাদের মতে, দুধঘাটা ও ইসলামপুর গ্রামবাসীর স্বার্থে এ বালু ভরাট কাজ বন্ধ করা উচিত।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, পিরোজপুর ইউনিয়নের মানুষ এ জমিতে চাষাবাদ করে ফসল উত্পাদন করতো। আনলিমা পেট্রোলিয়াম লিমিটেড তাদের লিজকৃত গজারিয়ার জমিতে বালু ভরাট না করে সোনারগাঁওয়ের জমিতে বালু ভরাট করে চলেছে। তিনি ওই জমিতে বালু ভরাট বন্ধ করে নদী ও জমি রক্ষায় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

বালু ভরাটের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শাহজালাল মিয়া জানান, আনলিমা পেট্রোলিয়াম লিমিটেড একটি পাওয়ার স্টেশন স্থাপনের জন্য এ জায়গাটি সরকারের কাছ থেকে লিজ নিয়েছে। আনলিমা কোম্পানির পক্ষে তাদের লিজকৃত জমিতে আমরা বালু ভরাট করছি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, সরকারি সম্পত্তি কাউকে বালু দিয়ে ভরাট করতে দেওয়া হবে না। এ বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।