ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহই বহাল থাকলেন। তবে কার্যকরী সভাপতি হিসেবে রাজ্যসভার এমপি এবং সাবেক মন্ত্রী জগত্ প্রকাশ নাড্ডাকে নির্বাচিত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই তথ্য জানিয়েছেন। রবিবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাজনাথ সিং টুইটার বার্তায় জানিয়েছেন, অমিত শাহের নেতৃত্বে বিজেপি বিভিন্ন নির্বাচনে জয় পেয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর অমিত শাহ সভাপতির দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, দুটি দায়িত্ব একসঙ্গে পালন করা কঠিন হবে। ফলে সভাপতির পদ যেন অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। কিন্তু তাকে সভাপতি হিসেবেই রাখা হয়েছে। তার কাজের চাপের কিছু ভার নেবেন জে পি নাড্ডা। তাই তাকে কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। হিমাচল প্রদেশের বিজেপি নেতা জে পি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অতীতে তিনি হিমাচল প্রদেশ মন্ত্রিসভার সদস্যও ছিলেন। -এনডিটিভি