চট্টগ্রাম বন্দরের বহুমুখী ব্যবহারে দুই দেশের আর্থিক উন্নতি সম্ভব

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, চট্টগ্রাম বন্দরের বহুমুখী ব্যবহারের মাধ্যমে সেভেন সিস্টারসহ দুই দেশের জনগণের আর্থিক উন্নতি সম্ভব। চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। চট্টগ্রাম বন্দরের বহুমুখী ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে এ অঞ্চলে শ্রমবাজার, কর্মসংস্থান, পুঁজি বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং দু দেশের জনগণের আর্থিক উন্নতি ঘটবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সাক্ষাত্কালে ভারতীয়  হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ এসব কথা বলেন। ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব লাভের পর চট্টগ্রামে এসে গতকাল সোমবার সকালে সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন তিনি। সিটি মেয়র নবনিযুক্ত হাইকমিশনকে স্বাগত জানিয়ে বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এক অনবদ্য ইতিহাস।

হাইকমিশনার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে সিটি মেয়র বলেন, বিগত ১০ বছরে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগী হয়ে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন কাজ করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম ও প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম।