জমি নিয়ে বিরোধ: দু’পক্ষের সংঘর্ষে কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত মিঠু ফকির (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিঠু কালিনগর গ্রামের সালাম ফকিরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামে জমি নিয়ে কৃষক মিঠু ফকির ও তার চাচাতো ভাই জসিম উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে মিঠু ফকির ও তার বাবা সালাম ফকির গুরুতর আহত হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু ঘটনার সত্যতা স্বীকার করেন। এছাড়া সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।