মিরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর নানাবিধ অনিয়মের অভিযোগে মিরপুরে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এছাড়া দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর জাতীয় উদ্যান হতে গাছ পাচারের অভিযোগে, পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে পারাপারে জনসাধারণের নিকট হতে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে এবং সাতক্ষীরায় বাঁশদহা ইউনিয়নে খাল খননে অনিয়মের অভিযোগে দুদকের পৃথক টিম অভিযান চালিয়েছে। 

দুদক সূত্র জানায়, সম্প্রতি দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, বিআরটিএ মিরপুর অফিসে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী সেবা প্রদানে বিঘ্ন ঘটিয়ে অসাধু উপায়ে অর্থ আদায় করছেন। এ প্রেক্ষিতে দুদক টিম গতকাল অভিযান চালিয়েছে। অভিযানে গিয়ে দুদক টিম জানতে পারে, ব্লু বুক এবং ডিজিটাল স্মার্ট কার্ডের বেশকিছু আবেদন এক মাসেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। এ বিলম্বের বিষয়ে জানতে চাইলে বিআরটিএ কর্তৃপক্ষ জানান, জার্মানি থেকে সরঞ্জামাদি আনার কারণে এ বিলম্ব হয়েছে। এ প্রেক্ষিতে দুদক গ্রাহক ভোগান্তি রোধে ডকুমেন্ট প্রস্তুত হওয়ার পরে তা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও বেশ কিছু সেবা একদিনের মধ্যেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের সুপারিশ করে দুদক টিম।