বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেও তাকে নিয়ে ছিলো অনেক নেতিবাচক আলোচনা। সংশয় ছিলো, সাকিব আল হাসান এসব সমালোচনা সামলে জ্বলে উঠতে পারবেন তো? বিশ্বকাপ দিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এই অলরাউন্ডার। বল হাতে প্রথমে ২ উইকেট নিলেন। এরপর ব্যাট হাতে একটার পর একটা রেকর্ড নিজের করে নিলেন তিনি। চতুর্থ ও দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৬ হাজার রান ও ২৫০-এর বেশী উইকেটের মালিক হলেন, বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান করলেন এবং এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হলেন আবার। দূরন্ত এই সাকিবের হাত ধরে এলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ এক জয়।
টনটনের মাঠটা তুলনামূলক ছোট। তাই টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল ছক্কার পর ছক্কা হাঁকাবেন— এমন একটা আশঙ্কা ছিল; কিন্তু তা হয়নি। বরং এই দুই ব্যাটসম্যান মিলে ১৫ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। তবে ছক্কার আশঙ্কা ঠিকই সত্য হয়েছে। পাল্টে গেছেন কেবল ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিয়ানরা গতকাল বাংলাদেশের বিপক্ষে মোট ১১টি ছক্কা হাঁকিয়েছেন। রান তুলেছেন ৩২১। চলতি বিশ্বকাপে ক্যারিবিয়ান দলটির এটাই সর্বোচ্চ সংগ্রহ।
শুরুতেই গেইল আউট হয়ে গেলেও হাল ধরে রেখেছিলেন শাই হোপ ও এভিন লুইস। দুই জনই পেয়েছেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই জন যোগ করেন ১১৬ রান। এভিন লুইস হাত খুলে খেলেছেন। ৬৭ বলে করেছেন ৭০ রান।
অন্যদিকে শাই হোপ বড় শট খেলার চেয়ে উইকেট ধরে রেখে রানের চাকা সচল রাখার দিকে মনোযোগ দিয়েছেন। ১২১ বলে তিনি করেন ৯৬ রান। আর চারটি রান করতে পারলেই বাংলাদেশের বিপক্ষে চতুর্থবারের মতো তিন অঙ্কের ঘরে পৌঁছে যেতেন তিনি। বাংলাদেশের বিপক্ষে মাত্র ১০টি ওয়ানডে খেলেই ৭৫৮ রান করেছেন এই ডান-হাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সেটা না হলেও, ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা ৩০০র ওপর উঠতে কোনো সমস্যা হয়নি। এর পেছনে আছে শিমরন হেটমায়ার ও অধিনায়ক জেসন হোল্ডারের বড় ভূমিকা। হেটমায়ার ২৫ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান। এটা চলতি বিশ্বকাপেরই দ্রুততম হাফ সেঞ্চুরি। হোল্ডার মাত্র ১৫ বলে করেন ৩৩ রান।
একটা সময় মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের ৩৫০-এর মতো রান করাটা সে ফ সময়ের ব্যাপার। সেটা হয়নি বাংলাদেশের পেসারদের কল্যাণে। মুস্তাফিজ এক ওভারে হেটমায়ার ও রাসেলকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান। মুস্তাফিজ প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে গতকালই ছন্দ ফিরে পেয়েছেন। তিনি পেয়েছেন তিনটি উইকেট। এছাড়া আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিনও নিয়েছেন তিনটি উইকেট। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব নিয়েছেন দুই উইকেট।
টেল এন্ডাররা উইকেটে চলে আসায় শেষ পাঁচ ওভারে মাত্র ৩৩ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও দিনটা বাংলাদেশের বোলারদের জন্য সংগ্রামের দিনই ছিল। সে ফ অতিরিক্ত খাত থেকেই এসেছে ২২ রান। ওয়াইড হয়েছে ১৬টি। এসব না হলেই তো রানটা ৩০০র নিচে নেমে আসতো।