৪০ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে ‘মাইলস’

চল্লিশ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে বাংলা রকের জনপ্রিয় ব্যান্ড দল ‘মাইলস’। এ উপলক্ষে হাতে নেওয়া হয়েছে বিশাল কর্মযজ্ঞ। গতকাল সোমবার দুপুরে ডেইলি স্টার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাইলসের দলনেতা শাফিন আহমেদ বলেন, জাঁকজকমভাবে চলতি বছর নিজেদের চল্লিশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে মাইলস। এ উপলক্ষে দেশে-বিদেশে কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। আগামী আগস্ট পর্যন্ত আমেরিকার বিভিন্ন রাজ্যে অন্তত ১২টি এবং কানাডার বিভিন্ন রাজ্যে মোট ৬টি কনসার্ট করতে যাচ্ছেন তারা।

এছাড়া দেশের মধ্যে বিভাগীয় শহরগুলোতেও কনসার্ট আয়োজন করছে উইন্ডমিল। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় হবে মাইলস-এর গ্র্যান্ড উত্সব। যেখানে আয়োজনটি তিন ভাগে বিভক্ত থাকবে। উইন্ডমিলের ব্যবস্থাপনা পরিচালক তিনটি ভাগ নিয়ে জানান, মেলোডি, রকস ও কনটেম্পোরারি জোন থাকবে। এরমধ্যে মেলোডি জোনে স্টেজে থাকবে দলছুট, সোলস ও ফিডব্যাক। ‘রকস জোনে’ থাকবে ওয়ারফেজ, ভাইকিংস ও আর্টসেল। ‘কনটেম্পোরারি জোনে’ থাকবে নগরবাউল, মাকসুদ ও ঢাকা এবং রেঁনেসা। তারা প্রত্যেকেই স্টেজে উঠে মাইলসের গান গাইবেন।

মাইলস-এর সমকালীন জনপ্রিয় ব্যান্ড দলগুলোর কথা থাকলেও ‘এলআরবি’ কি স্টেজে উঠবে না? সম্মেলনে এমন প্রশ্নের জবাবে কিছুটা স্মৃতিকাতর হয়ে উঠেন শাফিন, হামিন ও মানাম আহমেদরা। শাফিন আহমেদ বলেন, এলআরবির সাথে মাইলস ওতপ্রোতভাবে জড়িত।