কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সংসদকে জানিয়েছেন, আলু ছাড়া দেশে বছরে প্রায় ৪০ লাখ টন শাকসবজি ও ৪৮ লাখ টন ফলমূল উত্পাদিত হয়। দেশে প্রচুর শাকসবজি ও ফলমূল উত্পাদিত হলেও প্রযুক্তিগত জ্ঞান ও সংরক্ষণের অভাব এবং অব্যবস্থাপনার ফলে বিপণন পর্যায়ে প্রায় শতকরা ২৫ থেকে ৩০ ভাগ নষ্ট হচ্ছে। এ ক্ষতি কমাতে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে বেশকিছু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন। গতকাল সংসদে উপস্থাপিত সরকারি দলের এমপি এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান।
ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেনের প্রশ্নের জবাবে বনমন্ত্রী শাহাব উদ্দিন জানান, দেশে সংরক্ষিত বনের আয়তন ১৮ লাখ ১৮ হাজার ২১৮ দশমিক ৭৯ একর। এই বনভূমিতে ৩৯০ প্রজাতির বৃক্ষ আছে। তিনি আরো জানান, রাজধানীকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার্থে ব্যাপক হারে গাছ লাগানোর লক্ষ্যে বন অধিদপ্তর জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন করে। প্রতি বছর এ মেলায় প্রায় ১২ লাখ থেকে ১৩ লাখ বনজ, ফলদ এবং ওষুধি গাছের চারা বিক্রি হয়ে থাকে।