মার্চে শুরু বাংলাদেশ বিজনেস সামিট

এফবিসিসিআইয়ের আয়োজনে আগামী মার্চে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে বলা হয়, এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১-১৩ মার্চ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ সামিট। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য সামনে রেখে সামিটের আয়োজন করা হয়েছে। এতে জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম কেবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) বিখ্যাত বিজনেস রিপোর্টার রিচার্ড কোয়েস্ট অংশ নেবেন।

বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরতে এ আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা এফবিসিসিআইয়ের।

বাংলাদেশে উৎপাদিত সেরা পণ্যগুলোকে সামিটে উপস্থাপন করা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তাদের সম্মাননা দেয়া হবে। দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা ও করণীয় নির্ধারণে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক এবং নীতিনির্ধারকদের নিয়ে অনুষ্ঠিত হবে তিনটি প্ল্যানারি সেশন, ১৩ টেকনিক্যাল সেশন, উন্মুক্ত আলোচনাসহ বিটুবি এবং নেটওয়ার্কিং সেশন।