ছদ্মবেশে ১১ বছর আত্মগোপনে ছিলেন হিযবুত তাহরীর নেতা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র নেতা তৌহিদুর রহমান ওরফে তৌহিদকে (৩১) গ্রেফতার করেছে র‍্যাব। তিনি ওই সংগঠনের দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম কর্মকর্তা বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

রোববার র‍্যাব জানায়, গ্রেফতারকৃত তৌহিদ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার তোফাজ্জল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, তৌহিদ সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুন্যালের রায়ে দুই বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিগত ১১ বছর আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন।

র‍্যাব আরও জানায়, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে তৌহিদ হিজবুত তাহরীর লিফলেট এবং পোস্টার বিতরণের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে আসছিল। এছাড়া তিনি মাদ্রাসা ও স্কুলের ছাত্রসহ তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করতেন।