নোয়াখালীতে হাতিয়াসহ নদীপথের ‘ত্রাস’ জলদস্যু ফরিদ কমান্ডারকে (৪৫) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোরে হাতিয়ার বয়ারচরের সোলেমান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি বন্দুক, একটি পাইপগান, একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ফরিদ কমান্ডার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী গ্রামের সালেহ আহমদের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
সকাল সাড়ে আটটায় নোয়াখালী সার্কিট হাউসের সামনে কোস্টগার্ডের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লে. এম হামিদুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ফরিদ কমান্ডারের বিরুদ্ধে নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণসহ বিভিন্ন অপরাধে ২২টিরও বেশি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাতিয়া থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআরএম