আজ রাজধানীতে বিএনপির পদযাত্রা বাড্ডা থেকে মালিবাগ

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার রাজধানীর বিভিন্ন স্পটে চার দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আজ বেলা ২টা বাড্ডার হোসেন মার্কেটের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে। 

বিএনপি

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রায় অংশ নেবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।   

সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান। এরপর ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি বেলা ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করবে। ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গিয়ে পদযাত্রা শেষ হবে। আর ১ ফেব্রুয়ারি মুগদা থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে পদযাত্রা।