অলিম্পিক বয়কটের হুমকি ইউক্রেনের

রাশিয়ান ও বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণের অনুমতি দিলে ২০২৪ প্যারিস অলিম্পিক বয়কটের হুমকি দিয়েছে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গাটসেইট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে ইউক্রেনে সামরিক হামলা পরও প্যারিস অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের অংশ গ্রহণের ‘পথ’ খোঁজা হচ্ছে।

ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী মনে করেন আইওসির এই ধরনের আলোচনা সত্যিকার অর্থেই ‘অগ্রণযোগ্য।’ এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুটজেইট লিখেছেন, ‘আমাদের অবস্থান এক্ষেত্রে অপরিবর্তিত থাকবে। ইউক্রেনে যতদিন পর্যন্ত আগ্রাসন চলবে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের কোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া উচিৎ না। আর তা যদি না হয় তবে আমাদের ভিন্ন চিন্তা করতে হবে। সেক্ষেত্রে ইউক্রেন অলিম্পিকে অংশ নিবে না।’

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়ান সামরিক আগ্রাসনের পর থেকে  অলিম্পিকের বিভিন্ন  ইভেন্টে আন্তর্জাতিক আসর থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া ও তাদের মিত্র বেলারুশকে। আগামী বছর গ্রীষ্মকালীন অলিম্পিকে যেন এই আদেশ বহাল থাকে ইউক্রেনের এই আবেদনের প্রতি সাড়া না দিয়ে আইওসি জানিয়েছে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড় নিরপেক্ষ পতাকার প্রতিনিধিত্ব করতে পারবে। শুধুমাত্র পাসপোর্টের কারণে কোন খেলোয়াড়াকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করাটা অন্যায় হবে বলে আইওসি মন্তব্য করেছে। 

এই ঘোষণার পর অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) বৃহস্পতিবার উভয় দেশের অ্যাথলেটদের এ বছর এশিয়ান গেমসে অংশ নেবার প্রস্তাব দিয়েছে। এটা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। কারণ প্যারিসে অংশ নিতে হলে এশিয়া থেকে তাদের প্রয়োজনীয় কোয়ালিফাইং নম্বর অর্জন করতে হবে। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের অংশ না নেবার ব্যাপারে প্যারিসের আয়োজক কমিটি কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি। আইওসি জানিয়েছে প্রতিটি অলিম্পিক ইভেন্টের জন্য তাদের আন্তর্জাতিক ফেডারেশনগুলো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার সব আইন-কানুন নির্ধারণের একক অধিকার রাখে।