বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের ক্যানসার

সর্বজনীন টিকাদান কর্মসূচি ও মানুষের জীবনমান উন্নয়নের ফলে শিশুদের বিভিন্ন রকম সংক্রামক ব্যাধির হার সার্বিকভাবে কমে আসছে। সংক্রামক ব্যাধির এই হার ক্রমান্বয়ে হ্রাসের পাশাপাশি বর্তমানে শিশুদের অসংক্রামক রোগ; যেমন :শিশুদের বিভিন্ন রকম ক্যানসার বেড়েই চলেছে। দেশের রোগনির্ণয়ের আধুনিকায়নের ফলে শিশুদের ক্যানসার ক্রমেই দৃশ্যমান হচ্ছে। শিশুদের এই ক্যানসারের হার যদিও পরিসংখ্যানগতভাবে এখনো পূর্ণাঙ্গভাবে নির্ণীত হয়নি, তবু বিভিন্ন প্রাতিষ্ঠানিক রোগের পরিসংখ্যান থেকে অনুমান করা হচ্ছে, প্রতি বছর প্রায় ৬-৮ হাজার শিশু বিভিন্ন ধরনের ক্যানসার রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু সচেতনতার অভাব এবং আমাদের চিকিৎসাসেবার যথাযথ প্রচারের অভাবে অনেকেই শিশুর ক্যানসার চিকিৎসায় আমাদের পূর্ণাঙ্গ সক্ষমতার কথা জানতে পারছে না। যার প্রেক্ষিতে অনেক অভিভাবকই ক্যানসার আক্রান্ত শিশুকে প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করতে পারছেন না, এতে আমাদের চিকিৎসা সফলতার হারে কিঞ্চিৎ বিঘ্ন ঘটছে। প্রাথমিক অবস্থায় শিশুর ক্যানসার চিকিৎসা শুরু করা গেলে দেশের ক্যানসার চিকিৎসার সফলতার হার আরো বাড়বে। 

বাংলাদেশে শিশুদের ক্যানসারের ক্ষেত্রে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের সংখ্যাই বেশি। তবে শিশুদের ব্লাড ক্যানসার ছাড়াও ব্রেইন টিউমার, নিউরোব্লাস্টোমা, চোখের টিউমার বা রেটিনোব্লাস্টোমা, যকৃতের টিউমার বা হেপাটোব্লাস্টোমা, কিডনির টিউমার বা নেফ্রোব্লাস্টোমা, হাড়ের টিউমার বা অস্টিওসারকোমা, মাংসপেশীর টিউমার বা র‍্যাবডোমায়োসারকোমাসহ আরো বিভিন্ন রকম ক্যানসার প্রতিনিয়ত নির্ণীত হচ্ছে।

বাংলাদেশে শিশু ক্যানসার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু রক্তরোগ এবং ক্যানসার বিভাগ ১৯৯৩ সাল থেকে কাজ করছে। বাংলাদেশে শিশু রক্তরোগ এবং ক্যানসার চিকিৎসার আধুনিকায়ন ও উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে শিশুদের ক্যানসার চিকিৎসায় প্রায় সব ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছে। বর্তমানে এই বিভাগে উন্নত বিশ্বের বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চিকিৎসকদের ব্যবহৃত চিকিৎসাপদ্ধতি বা প্রটোকলে ব্যবহৃত মেডিসিনসহ প্রায় সব চিকিৎসা বিদ্যমান আছে এবং এসব চিকিৎসাপদ্ধতির সফল প্রয়োগ চলছে। এই বিভাগে চিকিৎসা প্রদানের পাশাপাশি ক্যানসার নির্ণয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সর্বাধুনিক পরীক্ষাসমূহ অত্যন্ত স্বল্পখরচের  মধ্যেই করা যায়। ফলে অত্যন্ত স্বল্পসময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করা যাচ্ছে। শিশুদের ক্যানসার চিকিৎসার পাশাপাশি এই বিভাগ এমডি কোর্স চালু করে শিশুদের ক্যানসার চিকিৎসায় উপযুক্ত বিশেষজ্ঞের সংখ্যাও বাড়ছে । এর মাধ্যমে সারা দেশে এই বিভাগ থেকে প্রশিক্ষণ এবং ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। 

বর্তমানে শিশু ক্যানসার এবং রক্তরোগ বিভাগ দেশের প্রায় প্রতিটি পুরোনো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু আছে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ শিশুদের রক্তরোগ ও ক্যানসার চিকিৎসায় এই বিষয়ের বিশেষজ্ঞদের উপযুক্ত চিকিৎসা পাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে, বর্তমানে আধুনিক চিকিৎসার বাস্তবায়নের ফলে শিশু ক্যানসার রোগীদের অধিকাংশই সম্পূর্ণ আরোগ্য লাভ করে। দেশে বর্তমানে প্রায় ১০ হাজার ক্যানসার আক্রান্ত শিশু সম্পূর্ণ রোগমুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। এই সফলতার হার আরো বৃদ্ধির জন্য আমাদের সবাইকে নিজ নিজ ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে। 

বর্তমানে শিশু রক্তরোগ এবং ক্যানসার বিভাগে একটি ‘শেখ রাসেল চাইল্ড হুড ক্যানসার সার্ভাইভার গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে ক্যানসার আক্রান্ত সম্পূর্ণ সুস্থ শিশুদের একটি ছবিসহ বিস্তারিত তালিকা বিদ্যমান আছে। আমাদের আবেদন, ক্যানসার আক্রান্ত হলেই বিদেশ যেতে হবে এই ধরনের প্রবণতা ত্যাগ করে বাংলাদেশেই শিশু ক্যানসার চিকিৎসায় আস্থা রাখুন, দেশেই চিকিৎসা করান। আমাদের দেশের শিশু ক্যানসার চিকিৎসার সাফল্যের হার বর্তমানে উন্নত বিশ্বের কাছাকাছি। তাই বিদেশে শিশুদের ক্যানসারের জন্য না গিয়ে এবং অতিরিক্ত খরচ না করে দেশে আপনার সন্তানের জন্য সুচিকিৎসা নিন।

আসুন, একই সঙ্গে এই শিশুর ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে শামিল হই এবং দেশকে ক্যানসারমুক্ত করে ফুলের মতো শিশুদের হাসি-খুশিতে ভরিয়ে তুলি, এই হোক আমাদের অঙ্গীকার।

লেখক : বিভাগীয় চেয়ারম্যান, শিশু হেমাটোলজি  অ্যান্ড অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়