নারীর সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা, নারীবান্ধব কাজের সুযোগ, নারীকে এগিয়ে নিতে বিভিন্ন সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে
মহিলা অঙ্গন প্রতিবেদক
প্রস্তাবিত বাজেটে জেন্ডার বাজেট বাড়ানো হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে নারী উন্নয়নে ১ লাখ ৬১ হাজার ২৪৭ কোটি টাকার জেন্ডার বাজেট উপস্থাপন করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দ ছিল ১ লাখ ৩৭ হাজার ৭৪২ কোটি টাকা, যা আগের তুলনায় ২৩ হাজার ৫০৫ কোটি টাকা বেশি। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অধিবেশনে ৪৩টি মন্ত্রণালয়/ বিভাগের জন্য পৃথক জেন্ডার বাজেট উপস্থাপন করা হয়েছিল।
২০১৯-২০ অর্থবছরে ২৫টি মন্ত্রণালয়, ১৪টি বিভাগসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৮০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেটের আকার ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা।
জেন্ডার বাজেট প্রতিবেদনে বিভিন্ন মন্ত্রণালয়ের এরই মধ্যে নেওয়া উদ্যোগগুলোর পাশাপাশি নারীর জন্য ভবিষ্যত্ করণীয় প্রশ্নে সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে বেশ কিছু কার্যকরি উদ্যোগের কথাও। তবে নারীনেত্রীরা বলছেন, গত কয়েক বছর ধরে জেন্ডার বাজেটের যে আয়োজন তা কতটা কার্যকর হয়েছে, সেটি মনিটর করা দরকার।
বাজেট প্রতিবেদনে বেশ কয়েকটি মন্ত্রণালয় নারীর জন্য কাজের পরিবেশ সৃষ্টি ও সুযোগ বৃদ্ধিতে ডে কেয়ার প্রতিষ্ঠা জরুরি বিবেচনায় নিয়ে সেটি করণীয় তালিকায় রেখেছে। এছাড়া নারীর সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা, নারীবান্ধব কাজের সুযোগ, নারীকে এগিয়ে নিতে বিভিন্ন সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নারী মুক্তিযোদ্ধাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করাসহ তাদের ভূমিকা প্রচারের বিষয়টিতে জোর দিয়েছে। এমনকি জেন্ডার সংবেদনশীল নয়— এমন নীতি প্রয়োজনে সংশোধন করা হবে বলেও ঘোষণা রয়েছে।