বলিউড গায়ক কৈলাস খের ভারতের কর্ণাটকের হাম্পিতে অনুষ্ঠান করতে গিয়ে ভয়ঙ্কর শিকার হলেন। কড়া নিরাপত্তা সত্ত্বেও তার দিকে তাক করে বোতল ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। গায়কের নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ছুটে আসে।
জানা গেছে, গত শুক্রবার কর্ণাটকে শুরু হয় হাম্পি উৎসব, তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে অনেক ভারতের তারকারাই উপস্থিত হয়েছিলেন। আমন্ত্রিত ছিলেন কৈলাস খের। কনসার্টে কোনও কন্নড় গান না গাওয়ার অভিযোগে হেনস্তার সম্মুখীন হতে হয় তাকে।
পুলিশ জানিয়েছে, হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠানে শুধুমাত্র হিন্দি গান গাওয়ার জন্য গায়কের প্রতি ক্ষুব্ধ হন জনতা। এরপরেই বোতল ছুঁড়ে আক্রমণ শুরু হয় তার ওপর।
প্রাক্তন বিজয়নগর সাম্রাজ্যের ঐতিহ্যকে স্মরণ করে প্রতি বছরই কর্ণাটক সরকার এই বার্ষিক উৎসবের আয়োজন করেন। বলিউডের একজন খ্যাতনামা গায়ক কৈলাস খের।
বিশেষত, একটি অন্য ধাঁচের গান গাওযার জন্যে তিনি বিখ্যাত। একাধিক বলিউড চলচ্চিত্রেও গেয়েছেন তিনি। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হল, ‘সেঈয়া’, ‘ইয়া রাব্বা’ প্রমুখ।